অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: দুই কারখানাকে লাখ টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন / ১০০০
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

 

নারায়ণগঞ্জের সদর উপজেলায় খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন সেমাই উৎপাদনের অভিযোগে দুটি কারখানাকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদনগর এলাকায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে ‘গ্রামীণ’ ও ‘আনন্দ’ সেমাই কারখানায় অভিযান চালায়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র‍্যাব-১১-এর সিপিসি-১ স্কোয়াড কমান্ডার এএসপি মাসুদ খান এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহার উপস্থিত ছিলেন।

অভিযানকালে ‘গ্রামীণ সেমাই’ কারখানায় খোলা টয়লেটের পাশেই সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বৈধ অনুমোদন ছাড়াই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-এর সিল ব্যবহার করা হচ্ছিল। এ অভিযোগে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং উৎপাদিত সেমাই জব্দ করা হয়।

অন্যদিকে ‘আনন্দ সেমাই’ কারখানার বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়ম বহির্ভূতভাবে পণ্য প্যাকেটজাত করার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ বলেন, “দীর্ঘদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম অস্বাস্থ্যকর পরিবেশে এখানে সেমাই উৎপাদন করা হচ্ছে। তাই অভিযান চালানো হয়েছে। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

র‍্যাব-১১-এর সিপিসি-১ ক্যাম্প কমান্ডার এএসপি মাসুদ খান বলেন, “ঈদ সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ঈদ পর্যন্ত এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”