
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস:
নারায়ণগঞ্জ জেলা নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্বক্ষণিক আমাদের একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের নাম্বারগুলো প্রতিটি মন্দিরের কমিটির সদস্যদের কাছে দেওয়া থাকবে। তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। আশা করি আমরা সকালের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সুন্দর পূজা উপহার দিতে পারব।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি দেখতে শ্রী শ্রী বলদেব জিউড় মন্দির পরিদর্শনে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও অপারেশন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ইসরাত জাহান, নারায়নগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহম্মেদ, মন্দির কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী, প্রধান উপদেষ্টা শংকর সাহা, উপদেষ্টা সুকুমার সাহা, সহ-সভাপতি সজল সাহা, সুব্রত সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক জগন্নাথ সাহা জয় সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় একযোগে মোট ২২৩টি পূজামÐপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজার প্রাকপ্রস্তুতি দেখতে এসেছি নারায়ণগঞ্জের সকল মন্দিরের প্রস্তুতি ভালো রয়েছে। আমাদের উদ্দেশ সবাই যেন পূজা সুন্দরভাবে উদযাপন করতে পারে তার ব্যবস্থা করা। সবার সহযোগিতা নিয়ে যেন ভালোভাবে উদযাপন শেষ হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মন্দির ও পূজা উদযাপন কমিটির কাছ থেকে সহযোগিতা পাচ্ছি।
পরে এসপি শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, নিতাইগঞ্জ মন্দির, দেওভোগ মন্দির, নন্দীপাড়া মন্দির ও ৫নং ঘাট বিসর্জন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য নির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :