
এসএসসি পরীক্ষা নকলমুক্ত রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে :ইউএনও
আজ থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ বন্দরে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষা।নকল মুক্ত পরিবেশ বজায় রাখতে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে ইউএনও শিবানী সরকার সাংবাদিকদের বলেন, প্রথমদিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
তিনি বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ, শিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে খোঁজখবর নিয়েছেন উল্লেখ করে বলেন,প্রতিটি কেন্দ্রেই পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আসন বিন্যাস এবং পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিচ্ছে।প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরায় মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবার নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অসদুপায় অবলম্বনের তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানি, প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে শিবানী সরকার বলেন, অভিভাবকরা নির্দেশনা মেনে কেন্দ্রের বাইরে শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছেন।
সকলের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা উপহার দিতে পারছেন জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাকি পরীক্ষাগুলো একইরকম সুন্দর পরিবেশে সম্পন্ন হবে। পরীক্ষার্থীদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে হবে ।এসময়
উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্রযায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :