ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন / ১০০০
ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তার

ফতুল্লার বিসিকে চিহ্নিত ছিনতাইকারী বিশু গ্রেপ্তা

 

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরী ও আশপাশের এলাকার চিহ্নিত ছিনতাইকারী মামুন ইসলাম বিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) ভোরে ফতুল্লা মডেল থানার একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে বিসিক শিল্পনগরীর পানির ট্যাংকি গলিতে গার্মেন্টস শ্রমিক জিহাদ আলমকে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে বিশুসহ কয়েকজন। এ সময় জিহাদের চিৎকার শুনে বিসিকের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডরা এগিয়ে এলে ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় কয়েকজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।

 

এ ঘটনায় সিকিউরিটি গার্ড মো. শাহজাহান আলী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে তিনি ও তার সহকর্মীরা জিহাদ আলমকে রক্ষার চেষ্টা করলে মামুন ইসলাম বিশু, বড় রুবেল, ছোট রুবেল, নাঈম ওরফে লিমন, রানা, রিয়াদ বাবু, আরিফ বাবুসহ ১৫ থেকে ২০ জন তাদের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন নিরাপত্তাকর্মীকে কুপিয়ে আহত করে।

 

পরে অন্যান্য সিকিউরিটি গার্ড ঘটনাস্থলে এসে চারজন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন এবং আহত দুই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

 

পুলিশ জানায়, ওই মামলার প্রধান আসামি মামুন ইসলাম বিশুকে দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার ভোরে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশু এলাকায় একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।