চাষাড়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যের ভিত্তিতে বি‌দে‌শি পিস্তল উদ্ধার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন / ১০০০
চাষাড়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যের ভিত্তিতে বি‌দে‌শি পিস্তল উদ্ধার

চাষাড়ায় শুভ দাস হত্যা: আসামির তথ্যের ভিত্তিতে বি‌দে‌শি পিস্তল উদ্ধার

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা শুভ চন্দ্র দাস হত্যা মামলায় রিমান্ডে থাকা আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন নবাব সলিমুল্লাহ রোডে রামকৃষ্ণ মিশনের প্রধান ফটকের ২০ থেকে ২৫ গজ পূর্বে ফুটপাতের পাশের ঝোপ থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

 

ডিবি সূত্র জানায়, হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আসামি সুমন ওরফে মাইগ্যা সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাইয়ের জন্য পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। এ সময় সুমনের দেখানো স্থান থেকে একটি শপিং ব্যাগে লুকানো অবস্থায় পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা পিস্তলটি আনুমানিক সাড়ে ৭ ইঞ্চি লম্বা। এর ব্যারেলে ইংরেজিতে ‘MADE IN USA 7.65 MM’ লেখা রয়েছে। পিস্তলটির সঙ্গে একটি ম্যাগাজিনও ছিল।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, পূর্ববিরোধ ও মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকার তথ্যও তদন্তে উঠে এসেছে।

 

এ ঘটনায় এজাহারভুক্ত ও তদন্তে পাওয়া আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।