কালীগঞ্জে ২ ইটভাটায় অভিযান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৯:০২ অপরাহ্ন / ১০০০
কালীগঞ্জে ২ ইটভাটায় অভিযান

পরিবেশ অধিদফতরের ছাড়পত্রে অসংগতি থাকায় ঝিনাইদহের কালীগঞ্জে দুই ইট ভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করেছে যশোর পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টার পর পৌর এলাকার পিন্টু জামানের এইচ এম বি এম ও আব্দুর রশিদ খোকনের এ এম বি এম নামের ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট ভাটার কাঁচা ইট ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে নষ্ট করেন।

অভিযান পরিচালনার সময় যশোর পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। তবে অভিযানে কাউকে আটক বা জরিমানা করেনি ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের পক্ষে কেউ আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র না থাকায় এর আগে ভাটা দুটির স্থায়ী চিমনি পরিবেশ অধিদফতর ভেঙে গুড়িয়ে দিলেও পুনরায় ভাটার কার্যক্রম শুরু করেছিলেন ভাটা কর্তৃপক্ষ । যার কারণে আজকের এ অভিযান।