মদনপুরে চাঁদাবাজির প্রতিবাদে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সিএনজি চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন / ১০০০
মদনপুরে চাঁদাবাজির প্রতিবাদে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সিএনজি চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

মদনপুরে চাঁদাবাজির প্রতিবাদে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে সিএনজি চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

 

চাঁদাবাজির প্রতিবাদ জানিয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেছে। (১০ জুন) বুধবার বিকেল ৩টায় মদনপুর টু বস্তল সড়কের উত্তর চাঁনপুরে সিএনজি চালকরা সমবেত হয়ে প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জনদুর্ভোগের কথা চিন্তা করে পরে তারা অবরোধ তুলে নেয়।

ভূক্তভোগী সিএনজি চালকরা বলেন, ‘মদনপুর স্ট্যান্ড থেকে আড়াইহাজার, গাউছিয়া, বারদী শান্তিরবাজার ও বিশনন্দী ফেরিঘাট রুটে প্রায় ২৫০ টি সিএনজি গাড়ি চলাচল করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষেধ বিধায় সকাল ৬-৮টা পর্যন্ত আমাদেরকে গ্যাস নেয়ার সময় দেয়া হয়েছে। ওই সময়ের মধ্যে আমরা গ্যাস নিতে গেলেও হাইওয়ে পুলিশ আমাদেরকে অন্যায়ভাবে ধরে ডাম্পিং করে থাকে, পরে ২ হাজার টাকা দিলে আমাদের গাড়ি ছাড়ে। গত ২ মাস যাবৎ হাইওয়ে পুলিশ আমাদের উপর ব্যাপক চাঁদাবাজি ও অন্যায় শুরু করেছে। মদনপুর টু বস্তল সড়কের উত্তর চাঁনপুর, নাজিম উদ্দিন ভূঁইয়া কলেজ ও মুড়ির মিলের সম্মুখে এই ৩টি স্পটে দাড়িয়ে থেকে পুলিশ আমাদের গাড়ি সাইড করে এবং প্রতিগাড়ি প্রতিমাসে ২ হাজার টাকা করে মাসোয়ারা দিয়ে গাড়ি চালাতে হবে বলে জানায়। আমরা গরিব মানুষ ও রাস্তা ভাঙ্গা তাই যে টাকা দিনে কামাই করি তা দিয়ে আমাদের সংসার চলেনা। তার উপর হাইওয়ে পুলিশ আমাদেরকে আটক করে আমাদের সাথে যা টাকা পয়সা থাকে তাই রেখে দেয়, টাকা না থাকলে বিকাশে টাকা আনার পর তারপর গাড়ি ছাড়ে। এরকমভাবে অমানুষিক নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদেরকে জানিয়ে আমরা কোন সুরাহা পাইনি। বুধবার ৬টি সিএনজি আটক করে পুলিশ চাঁদা দাবী করলে, আমরা চাঁদা দিতে অস্বীকার করলে তখন তারা আমাদেরকে গালিগালাজ ও গায়ে হাত উঠালে আমরা কোন উপায় না পেয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। যেখানে জনগণ ও অন্যান্য গাড়িচালকরা আমাদেরকে সমর্থন জানিয়ে আমাদের সাথে এসে দাড়িয়েছে। সে সময় জনগণের রোষানলে পড়ে অবস্থা বেগতিক দেখে চাঁদাবাজ পুলিশরা সেখান থেকে কেটে পড়ে। আমরা এর প্রতিকার চাই। কোন চাঁদা দিয়ে আমরা গাড়ি চালাবোনা।

এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শামীম শেখ বলেন, ‘মদনপুর টু বস্তল মহাসড়ক বিধায় এখানে তিন চাকার যান চলাচলে সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি আছে। সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা আনয়নে আমরা কাজ করি এবং মহাসড়ক থেকে ৩ চাকার যানবাহন সরাতে আমাদের অভিযান চলমান আছে। সিএনজি চালকদের কাছে কোন চাঁদা আমরা দাবী করিনি। হাইওয়ে পুলিশের যদি কেউ চাঁদাবাজিতে জড়িত থাকে প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে’।