
সোনারগাঁয়ের কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুখে মাস্ক পরে মিছিল বের করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের ব্যানারে এ মিছিল করা হয় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে। এ সংক্রান্ত প্রায় ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে শতাধিক ব্যক্তিকে মুখে মাস্ক পরে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বলে জানা গেছে। তারা আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে কেন্দ্র করে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে দাবি করা হয়েছে, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের পুত্র ও মহানগর যুবলীগ নেতা আজমেরী ওসমানের সমর্থকরা এ মিছিল করেছেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো পক্ষের বক্তব্য যাচাই করা যায়নি।
এদিকে, ঘটনাটি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অবগত নন বলে জানিয়েছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, “মিছিলের বিষয়ে আমরা অবগত নই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, “সকাল থেকে আমি কাঁচপুর এলাকায় অবস্থান করছি। আমার জানা মতে ওই এলাকায় কোনো মিছিল হয়নি। তবে কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহদী বলেন, “এ ধরনের কোনো মিছিলের ভিডিও এখনো আমাদের কাছে আসেনি। অনেক সময় পুরোনো ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :