বন্দরে অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন / ১০০০
বন্দরে অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

বন্দরে অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা

 

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

 

পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অভিযান চালিয়ে কেওঢালা এলাকার ‘খান ব্রিকস ম্যানুফেকচারার’কে ৭০ হাজার টাকা এবং ‘মেসার্স আল্লাহ মহান ব্রিকস’কে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন পরিচালনা করেন।

 

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম বন্ধে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা এবং বায়ুদূষণকারী শিল্পকারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।