
নারায়ণগঞ্জে গৃহবধূর বাড়িতে হামলা, লুটপাট ও হত্যাচেষ্টা: অভিযুক্ত চিহ্নিত সন্ত্রাসী চক্র
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের দক্ষিণ রেলিবাগান এলাকায় পূর্বশত্রুতার জেরে রুমা বেগম নামে এক গৃহবধূর বাড়িতে হামলা, লুটপাট ও তার স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
গত ১৮ জুন ২০২৬ ইং, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী রুমা বেগম জানান, ওই রাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মৃত মোক্তার হোসেন ভুট্টুর ছেলে শামীম ও সানি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির, ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা আসিফ এবং সহযোগী আদু ও ঈমান দেশীয় অস্ত্রশস্ত্র—চাপাতি, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির দরজা কুপিয়ে ভেতরে প্রবেশ করে এবং তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। প্রাণ বাঁচাতে ভুক্তভোগীর স্বামী কোনোমতে জানালা দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেন। স্বামীকে না পেয়ে হামলাকারীরা ঘরে থাকা মূল্যবান সামগ্রী লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।
ঘটনার মূল কারণ হিসেবে ভুক্তভোগী পরিবার জানায়, ২০২৪ সালের ১২ জানুয়ারি সন্ত্রাসী শামীমের শ্বশুর আক্তার হোসেন দক্ষিণ রেলিবাগানের লিপি বেগমের মেয়েকে ধর্ষণ করেন। ওই সময় রুমা বেগমসহ এলাকার সচেতন মহিলারা নির্যাতিতার পাশে দাঁড়িয়ে বিষয়টি সদর মডেল থানাকে অবহিত করেন। পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে আক্তার হোসেনকে গ্রেপ্তার করে। মূলত সেই ঘটনার পর থেকেই ক্ষুব্ধ হয়ে আসামিরা রুমা বেগমের পরিবারের ওপর নজর রেখেছিল এবং পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে রুমা বেগম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসায়ী ও অপরাধী চক্রের এই দৌরাত্ম্য বন্ধে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
আপনার মতামত লিখুন :