দক্ষিণ আফ্রিকায় নিহতদের পরিবারের পাশে এমপি আল আমিন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন / ১০০০
দক্ষিণ আফ্রিকায় নিহতদের পরিবারের পাশে এমপি আল আমিন

দক্ষিণ আফ্রিকায় নিহতদের পরিবারের পাশে এমপি আল আমিন

 

দক্ষিণ আফ্রিকার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নারায়ণগঞ্জের পাঁচ প্রবাসীর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

 

এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

পরে এমপি আব্দুল্লাহ আল আমিন বক্তাবলী ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত শিশু হাবিব (১২)-এর বাড়িতে যান। তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, হাবিবের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এ সময় তিনি দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় পরিবারটির পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।

 

শোকাহত পরিবারগুলোর সঙ্গে সময় কাটিয়ে তিনি ধৈর্য ধারণের আহ্বান জানান এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

মঙ্গলবার রাত তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে আগুনের ঘটনায় ছয়জন মারা যান। তাদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন ও একজন পাশের বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। নিহতরা হলেন আলীরটেকের মো. ফাহিম (২৯), আপন আহমেদ (২৩), নুর মোহাম্মদ (৫৫), মো. ফয়সাল (২৬) এবং বক্তাবলীর মো. শাহিন (৩০)।