
পূর্বাচলে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ গ্রেফতার ৬
পূর্বাচল উপশহরের ২নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটের অরণ্য আবাস রিসোর্টে ডাকাতি করে পালানোর সময় গতকাল ৪ আগষ্ট মঙ্গলবার ভোরে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রাজধানীর মিরপুর এলাকার শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদ (৩৫), রুবেল হাসান (২৮), রাব্বি হোসেন (৩০), তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)। এসময় ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাস (ঢাকা-মেট্রা-চ- ১৪-৬৯৪০) জব্দ করা হয়। উদ্ধার করা হয় ডাকাতদের লুন্ঠিত ছয়টি মোবাইল ফোন সেট ও ডাকাতদের ব্যবহৃত দুইটি ছুরি।
পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগষ্ট) ভোরে পূর্বাচল উপশহরের অরণ্য আবাস রিসোর্টে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১৪/১৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা রিসোর্টে পিকনিকে আসা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল সেট ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ অরণ্য আবাস রিসোর্ট ঘিরে ফেলে। এসময় ঘটনাস্থল থেকে ডাকাতদলের সদস্য শুক্কুর আলী (৪৮), আব্দুল আহাদকে (৩৫) গ্রেফতার করে।
পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে ডাকাত দলের সদস্য রুবেল হাসান (২৮), রাব্বি হোসেনকে (৩০) গ্রেফতার করে। এরপরে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুর থেকে তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলীকে (৩৭) গ্রেফতার করা হয়। এঘটনায় অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, অরণ্য আবাস রিসোর্টে ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :