বন্দরে গ্যারেজে ডাকাতি, ডাকাত সর্দার হৃদয় গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ৭:২৬ অপরাহ্ন / ১০০০
বন্দরে গ্যারেজে ডাকাতি, ডাকাত সর্দার হৃদয় গ্রেপ্তার

বন্দরে গ্যারেজে ডাকাতি, ডাকাত সর্দার হৃদয় গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের বন্দরে ইজিবাইক গ্যারেজের ম্যানেজারসহ কয়েকজনকে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ব্যাটারি ও নগদ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত সর্দার মো. হৃদয়কে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

 

রোববার (২৩ আগস্ট) রাত ২টা ৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জ ও র‌্যাব-৩ ঢাকার যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

 

র‌্যাব জানায়, গত ১ জুলাই রাতে বন্দরের আন্দিরপাড়ে সাহেরা গার্ডেন সংলগ্ন মরিয়ম অটো-সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে গ্যারেজে ৩২টি অটো, রিকশা, মিশুক ও ইজিবাইক চার্জে ছিল।

 

ভোর সাড়ে ৪টার দিকে মো. হৃদয়সহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জনের একটি ডাকাত দল গ্যারেজের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা গ্যারেজের ম্যানেজার মো. ফয়সালসহ অটো রিকশার মালিক সাইদুল, রুবেল ও আব্দুল হককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে রশি ও কাপড় দিয়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে মাটিতে ফেলে রাখে ডাকাতরা।

 

পরে ডাকাত দল গ্যারেজে থাকা নগদ ২২ হাজার টাকা এবং অটো, রিকশা, মিশুক ও ইজিবাইকের প্রায় ১০৬টি ব্যাটারি নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

 

এ ঘটনায় ভুক্তভোগী বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলার পর থেকে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‌্যাব-১১।

 

র‌্যাবের দাবি, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে ফতুল্লার ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে শনাক্ত আসামি মো. হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম আব্দুর রব হাওলাদার এবং মায়ের নাম মোকসেদা বেগম। তিনি বরিশালের মুলাদী থানার আলিমাবাদ এলাকার বাসিন্দা।

 

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।

 

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।