
বন্দর থানা পুলিশকে ২টি নতুন টহল গাড়ি উপহার দিলেন এমপি আবুল কালাম
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের পক্ষ থেকে বন্দর থানা পুলিশকে ২টি নতুন পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে। এলাকাভিত্তিক টহল কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
রবিবার ৯ জুলাই বন্দর থানা প্রাঙ্গণে সংসদ সদস্যের নির্দেশনায় সশরীরে উপস্থিত থেকে গাড়ি দুটির চাবি আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন এমপির রাজনৈতিক সচিব এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউসার আশা।
গাড়ি হস্তান্তর শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব আবুল কাউসার আশা বলেন, “মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম বন্দর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিক। বন্দর থানা পুলিশের যানবাহন সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই ২টি নতুন গাড়ি উপহার দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই গাড়ি দুটি যুক্ত হওয়ার ফলে বন্দর থানার প্রত্যন্ত অঞ্চলেও পুলিশের টহল ও তদারকি কার্যক্রমে গতি আসবে, যা অপরাধ দমনে বড় ভূমিকা রাখবে।”
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে বন্দর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনসহ ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নিউজ-২(ছবি-২)
বন্দরে সরকারি খাল ও খাস জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে সরকারি খাল ও খাস জমি বেদখলের প্রতিবাদ এবং দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের রাস্তা অবমুক্ত রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
রবিবার (৯ আগস্ট) উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাসেল।
লিখিত বক্তব্যে রাসেল জানান, কলাগাছিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শুভকরদী ও কলাগাছিয়া মৌজার সীমান্তবর্তী এলাকার একটি সরু খাল দীর্ঘদিন আগে স্থানীয়রা ভরাট করে চলাচলের রাস্তা হিসেবে গড়ে তোলেন। প্রায় ১৫ বছর ধরে এই রাস্তাটি দিয়েই প্রতিদিন শুভকরদী ও আশপাশের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ যাতায়াত করছেন।
তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি একই এলাকার মোসাম্মৎ ইতি আক্তার ও মো. ইমতিয়াস ওই খাস জায়গা ও চলাচলের রাস্তার ওপর অবৈধভাবে সেমিপাকা স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। এতে রাস্তা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হয়রানি করার উদ্দেশ্যে ইতি আক্তার বন্দর থানায় তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে রাসেলের স্ত্রী ফারজানা আক্তার রুবি বলেন, “আমরা কারো ব্যক্তিগত সম্পত্তি দখল করতে চাই না। সরকারি খাল ও খাস জমি রক্ষা এবং দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি উন্মুক্ত রাখাই আমাদের উদ্দেশ্য।” তিনি জানান, বন্দর থানার তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে কথা বললে সাক্ষীরা নিশ্চিত করেছেন যে নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি, বরং রাস্তার নির্মাণকাজ বন্ধের আপত্তির কারণেই এই মিথ্যা অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত ৩১ জুলাই ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুল ইসলাম ও স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি কবির শাহসহ ১০-১৫ জন গণ্যমান্য ব্যক্তি বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকে বসেন। তবে অভিযুক্ত পক্ষ সেই বৈঠকে অসংলগ্ন আচরণ করে এবং রাসেলকে মারধর ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এ ঘটনায় বন্দর থানায় পৃথক একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী জানান, সরকারি খাস জমি ও খাল রক্ষার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং বন্দর থানাসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা মো. সফিক ও ছানোয়ার মিয়া বক্তব্য রাখেন। এলাকাবাসী অবিলম্বে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ, হয়রানিমূলক অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং চলাচলের রাস্তা উন্মুক্ত রাখতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :