
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে লরির ধাক্কায় পিকআপ উল্টে আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় একটি মালবাহী পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় ১০ চাকার একটি লরি। এতে পিকআপটি উল্টে গিয়ে একজন আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ পিকআপটির চাকার ড্রাম ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর বিকল হয়ে পড়ে।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা লরি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেটি উল্টে যায়। এতে চালক আহত হন।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক টিআই জুলহাস উদ্দিন জানান, পিকআপটির যান্ত্রিক ত্রুটির কারণেই এটি সড়কে বিকল হয়ে পড়ে এবং পরে লরির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। আহত চালকের অবস্থা গুরুতর নয় বলে তিনি জানান।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত পিকআপটি মেরামতের জন্য নিয়ে যাবে বলে জানিয়েছে পুলিশ।
আপনার মতামত লিখুন :