
রূপগঞ্জে দাফনের দুই বছর পর আদালতের নির্দেশে লাশ উত্তোলন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের প্রায় দুই বছর পর আদালতের নির্দেশে পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থান থেকে ইমন হোসেন নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মারজানুর রহমান এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (রাজস্ব) ফরিদ আল সোহানের তত্ত্বাবধানে, আদালতের নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলার সদস্যদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় নিহতের স্বজন ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ইমন হোসেন ২০০৬ সালে রানু আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সময় পারিবারিক কলহ ছিল বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে বাড়িতে খাবার খাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কলেরা হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জানুয়ারি তিনি মারা যান। পরে তার মরদেহ পূর্বাচল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
পরবর্তীতে ইমনের মৃত্যুকে সন্দেহজনক দাবি করে তার বাবা মজিবুর রহমান ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তভার পিবিআইকে প্রদান করেন।
তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মঙ্গলবার কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের জন্য মরদেহ পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (রাজস্ব) ফরিদ আল সোহান বলেন, ইমনের মৃত্যু নিয়ে স্বজনদের সন্দেহের পরিপ্রেক্ষিতে আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে দাফনের প্রায় দুই বছর পর কবর থেকে মরদেহ উত্তোলন করে তদন্তকারী সংস্থা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :