বন্দরে বলাৎকার মামলার বাদীকে হুমকি, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে জিডি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ৩:০০ অপরাহ্ন / ১০০০
বন্দরে বলাৎকার মামলার বাদীকে হুমকি, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে জিডি

বন্দরে বলাৎকার মামলার বাদীকে হুমকি, স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে জিডি

 

নারায়ণগঞ্জের বন্দরে শিশু বলাৎকার মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মা মোসা. সিমা আক্তার (২৮)।

অভিযুক্ত ব্যক্তি হলেন রুবেল কিবরিয়া, তিনি বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি। এবং শিশু বলাৎকার মামলায় বর্তমানে কারাগারে থাকা আসামি তাসকিন কিবরিয়ার বাবা।

জিডি সূত্রে জানা যায়, গত ৮ জুলাই সিমা আক্তারের ৭ বছর বয়সী শিশুসন্তান ফাহিমকে বলাৎকারের অভিযোগে তাসকিন কিবরিয়ার বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করা হয়। মামলার পর অভিযুক্ত তাসকিনকে গ্রেফতার করে পুলিশ এবং সে বর্তমানে কারাগারে রয়েছে।

অভিযোগে সিমা আক্তার উল্লেখ করেন, ছেলে গ্রেফতার হওয়ার পর থেকেই স্বেচ্ছাসেবক দল নেতা রুবেল কিবরিয়া মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ গত ৩ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে রুবেল কিবরিয়া ভুক্তভোগীর বাড়ির পাশে এসে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। সিমা আক্তার ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধরের চেষ্টা চালায়।

এ সময় সিমা আক্তারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে রুবেল কিবরিয়া হুমকি দিয়ে বলেন, দ্রুত মামলা প্রত্যাহার না করলে সুযোগ বুঝে সিমা আক্তার ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বড় ধরনের ক্ষতি করা হবে।

জিডিতে সিমা আক্তার শঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী ও খারাপ প্রকৃতির হওয়ায় তিনি এবং তার পরিবারের সদস্যরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে বিষয়টি থানায় আইনগত নথিভুক্ত করেছেন।

এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, “এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষী ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।