
বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়ায় মাদক ব্যবসার তীব্র প্রতিবাদ করায় চিহ্নিত যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত ডালিম (৩৬) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাত ১১টার দিকে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় হামলার শিকার হওয়ার পর বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত ডালিম বন্দর থানার আলীশাহরদি এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একদম সামনেই এ নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত ডালিম বেশ কিছুদিন যাবত স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘ব্ল্যাক জনি’র অনুসারী ছাত্রলীগ নেতা রিয়ান এবং তার সহযোগী হাবিবকে (২০) এলাকায় মাদক বিক্রিতে বাধা দিয়ে আসছিলেন। মাদক বিক্রিতে ক্রমাগত বাধার কারণে তাদের মধ্যে তীব্র শত্রুতার সৃষ্টি হয়।
এরই জের ধরে বুধবার রাতে ডালিম পুনরায় মাদক বিক্রিতে বাধা দিলে স্থানীয় ছাত্রলীগ নেতা রিয়ানের সরাসরি নির্দেশে শুভকরদী এলাকার হাবিব ধারালো ছুরি দিয়ে ডালিমকে লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে। এ সময় ডালিমের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে কেটে পড়ে।
গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন ডালিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬ আগস্ট ভোর ৫টা ২১ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনার পর কলাগাছিয়া ও এর আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী অবিলম্বে প্রত্যক্ষ ঘাতক হাবিব, হুকুমদাতা রিয়ান এবং মাদকের মূল হোতা ব্ল্যাক জনিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :