সারাদেশে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের সতর্কতা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ৫:২১ অপরাহ্ন / ১০০০
সারাদেশে ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের সতর্কতা

সাগরে গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই অর্থাৎ সারাদেশে আগামী দুই দিন ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভারী বৃষ্টির সতর্কতা বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বিকাল ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার (২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

সতর্ক বার্তায় তিনি আর জানান, ভারী থেকে অতিভারী বর্ষণের ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হতে পারে।