গণমাধ্যমে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন / ১০০০
গণমাধ্যমে হামলা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
জাতীয় দৈনিক ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ কার্যালয়ে ন্যাক্কারজনক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা এবং খুলনায় সাংবাদিক ইমদাদুল হক মিলনকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের গণমাধ্যম কর্মীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ স্বাধীন সংবাদপত্রের কণ্ঠরোধের এই প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে ফতুল্লা প্রেসক্লাব সভাপতি আবদুর রহিম বলেন, “গণমাধ্যম হলো গণতন্ত্রের দর্পণ। বিগত স্বৈরাচারী শাসনের সময় এই পত্রিকা দুটি সাহসিকতার সাথে সত্য প্রকাশ করেছে। কিন্তু আজ ফ্যাসিস্ট সরকারের পতনের পরও যদি একটি গোষ্ঠী গণমাধ্যমকে লক্ষ্যবস্তু বানায়, তবে তা সাংবাদিকতার জন্য বড় হুমকি। যারা এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”

এসময় সময় আরও বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, প্রচার সম্পাদক সেলিম হেসেন, দপ্তর সম্পাদক এমএ সুমন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার সৌরভ হোসেন সিয়াম, জসিম উদ্দিন, সাংবাদিক রফিকুল্লাহ রিপন, আরিফ হোসেন, জাহাঙ্গীর হোসেন, সোহেল রানা,বকুল, মুন্না প্রমুখ।

সমাবেশ শেষে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।