
ফতুল্লায় ৭ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১,৫০০ পুড়িয়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরে ফতুল্লা থানাধীন দেওভোগ বাঁশমুলি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বাঁশমুলি এলাকার আরিফের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ভাড়াকৃত শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১,৫০০ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজার কাগজসহ মোট ওজন প্রায় ৭ কেজি বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মাদক ব্যবসার অভিযোগে মো. বিল্লাল হোসেন (৩৫) ও তার স্ত্রী আমেনা বেগম (২০)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :