
সিদ্ধিরগঞ্জে হেরোইন ও গাঁজাসহ ৮ জন গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৫০ পুড়িয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজন এবং পুলিশ আইনের একটি মামলায় একজনকে আটক করা হয়েছে। সবমিলিয়ে আটজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) রাত ৩টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ডের মাদানীনগর এলাকায় আল-আমিন গার্মেন্টসের সামনে অভিযান চালানো হয়। এসময় মো. শহিদুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।একই অভিযানে মো. জামাল হোসেন (৪৪) নামের আরেক ব্যক্তির কাছ থেকে ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের মোট ওজন প্রায় ৫ গ্রাম এবং এর আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদক ক্রয়-বিক্রয় কার্যক্রমে সহযোগিতার অভিযোগে সোহেল হোসেন (৪২) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।অন্যদিকে, সিআর সাজা ও গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আরিফুর রহমান বাপ্পি, আমিনুল হক পাবেল, আরিফুর রহমান ও তাহমিনা নামের চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশ আইনের ৩৪(৬) ধারায় তৌফিকুল ইসলাম ওরফে দুর্জয় (২৮) নামের একজনকে আটক করা হয়।সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :