চাষাড়ায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযান, তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন / ১০০০
চাষাড়ায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযান, তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা

চাষাড়ায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযান, তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা

 

নারায়ণগঞ্জ নগরের চাষাড়া এলাকায় ফিজিশিয়ান স্যাম্পল, মেয়াদোত্তীর্ণ, নিবন্ধনবিহীন ও সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার বিকেলে শহীদ জিয়া হল সংলগ্ন মার্কেটে জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলমিন ও মো: মাহমুদুল হাসান।

 

অভিযান সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ এর ৪০(ক), ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে নিউ রবিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা, হৃদয় মেডিকেল হলকে ২৫ হাজার টাকা এবং দ্বীপ্ত মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

জেলা ওষুধ প্রশাসন কার্যালয় জানিয়েছে, অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি, নিবন্ধনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং সরকার কর্তৃক নিষিদ্ধ ওষুধ মজুদ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, নারায়ণগঞ্জ-এর ঔষধ তত্ত্বাবধায়ক মো: কবির হোসেন।

 

তি‌নি বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অবৈধ ওষুধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।